প্রধান বিষয়বস্তুতে যান
রচনাপ্রাণের ভেতরে প্রাণ

একটি হৃদয়

— মতিউর রহমান মল্লিক —

18px
একটি হৃদয় কলির মতো, ওলির মতো, মেঘনা নদীর পলির মতো। পাখপাখালির উধাও উধাও ক্লান্ত প্রহর, উথাল পাথাল ধানসিঁড়ি ঢেউ নিটোল নহর, সবুজ খামার হাওয়ার খেলায় সুরের বহর; একটি হৃদয় লতার মতো, লজ্জাবতীর পাতার মতো অনেক কথকতার মতো। ঝুমুর ঝুমুর ঝাউয়ের নূপুর দুপুর বেলা সুদূর প্রদেশ আলোর ঝালর সাগর বেলা ঝোপঝাড় ও ঝিল জোনাক জোনাক তারার মেলা; একটি হৃদয় ফুলের মতো, সুরমা নদীর কূলের মতো বট-পাকুড়ের মূলের মতো। রাঙামাটির স্বপন সজীব সুখদ পাহাড়, মন মাতানো নাফ নদীটির এপার ওপার, তেঁতুলিয়ার একটানা পথ নানান খামার; একটি হৃদয় মাঠের মতো, পল্লীগাঁয়ের বাটের মতো, নৌকা বাঁধা ঘাটের মতো একটি হৃদয় কলির মতো, ওলির মতো, মেঘনা নদীর পলির মতো।